Wednesday, October 1, 2014

এশিয়ার প্রাচীর টপকে - ৮ (ফ্লোরিয়াড)


অস্ট্রালিয়ায় আসার পর আমার এক স্কুল-বন্ধুর কাছে ক্যানবেরার ফ্লোরিয়াড সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা শুনেছি ...
বেশ কিছুদিন ধরে, শহরের পাবলিক বাসের ডিজিটাল স্কৃণে, গন্তব্য দেখানোর পাশাপাশি "অ্যাকশন বাসে চড়ে ফ্লোরিয়াডে যাওয়ার আমন্ত্রন" আর শহরের ফ্রি উইকলি ম্যাগাজিনে ফ্লোরিয়াডের সময়সূচীর ক্ষুদে নোটবুক দেখে বুঝলাম, ক্যানবেরাবাসী এই প্রোগ্রামের জন্য বছর ধরে অপেক্ষা করে থাকে ...

গতকাল ফ্লোরিয়াডে একটা চক্কর মেরে আসলাম ...

বিশাল পার্কে অস্ট্রালিয়ানদের বসন্ত বরণ উৎসবের মিলনমেলা এই ফ্লোরিয়াড ... অসংখ্য মানুষের ভীড় এই অফিস-ডেতেও ... উইকডে আর স্কুল-বন্ধের সময় গিয়েছিলাম বলেই হয়ত, দর্শনার্থীদের মধ্যে প্রাপ্তবয়স্কদের চেয়ে বুড়ো-বুড়ি আর বাচ্চা ছেলে-মেয়েদের ভীড়ই বেশী ...

ফ্লোরিয়াডের মূল আকর্ষণ বিশাল বিশাল রঙিন ফুলের বাগান ... বাগান না বলে ক্ষেতই বলা উচিত ... ভুট্টা গাছের মত দেখতে টিউলিপ গাছে বড়বড় টিউলিপ ফুটে আছে ... তাদের রঙের বাহার দেখে অবাক হতে হয় ...

ফ্লোরিয়াডের গল্পে শুধু ফুলের বাগানের কথাই শুনেছি ... কিন্তু, গিয়ে দেখি পুরো মাত্রায় "বৈশাখী মেলা" ... তাতে বাচ্চাদের বিনোদনই মুখ্য ... এক পাশে বিশাল ফেরি'স হুইল, স্লাইড, জাম্পিং কাসল, জোকারকে বল ছোঁড়ার খেলা ... রাইডগুলির টিকেটের দাম পাঁচ ডলার একটু বেশী মনে হলেও, বাচ্চাদের ফূর্তির কাছে সেটা কমই মনে হল ...
বিশাল শামুক, ডাইনোসরের স্কাল্পচার বসানো আছে জায়গায় জায়গায় ... দারুণ লাগল, চমৎকার রুবিক কিউবের ডিজাইনে রঙিন ছোট্ট ছোট্ট বাক্স-ঘর গুলি দেখে - বাচ্চাদের খেলার জায়গা ... একটা মাশরুম আকৃতির খেলা-ঘর নজর কাড়ল ... মাঠের প্রান্তে ফ্লাইং-সসার শেপের একটা প্রকান্ড স্টেজ বানানো আছে, তাতে তিনজনের একটা দল গিটার বাজিয়ে গান করছে ... ক্ষুদে স্বচ্ছ পানির একটা জলাশয়ের মাঝখানে বসানো সবুজ শামুকের স্কাল্পচার আর তীরে দাঁড়ানো মা-আর-বাচ্চা-ক্যাঙারুর মূর্তির পাশে দাঁড়িয়ে বাচ্চারা ছবি তুলছিল ... আর একটা একাকী হাঁস আপনমনে পানিতে সাঁতরে ডুবে ডুবে খাবার খুঁজছিল ... কাছেই নয়নাভিরাম লেকের পাড়ে কালো রাজহাঁসের দল ভ্রমণার্থীদের কাছ থেকে খাবার খাচ্ছে ... সার্কাসের তাঁবু আর রেপটাইল জু'র স্টলে প্রচন্ড ভীড় ... সার্কাসের ইন্সট্রাক্টররা বাচ্চাদের হাতে নানান সরঞ্জাম তুলে দিয়ে হাতে-কলমে সার্কাস শেখাচ্ছে আর রেপটাইল জু'তে খোলা আর বন্ধ কাঁচের বাক্সে নানা ধরণের সাপ, লিজার্ড, সরীসৃপ আর কচ্ছপ ... বাচ্চারা চাইলে ধরেও দেখতে পারে প্রাণীদেরকে ... মেলার মাঝখানে ঘুরে বেড়ানো রণ-পা পরা বিশাল দুই টিউলিপ-মানবীর সাথে ছবি তোলার জন্য ছেলেবুড়ো কারোরই আগ্রহের কমতি ছিল না ...

মনে থাকবে, পার্কের পাশে ইউরোপীয় (সম্ভবতঃ বেলজিয়াম) মানুষটার স্ট্রীট পার্ফর্মেন্স ... খেলাগুলি সাদামাটা হলেও লোকটার বাক-চাতুর্যের কারণে রোদে দাঁড়িয়ে/বসে থাকা দর্শকদের ষোলআনা সময়ই উসুল হয়ে গেল ... খেলা শেষে, ডোনেশন তোলার ভঙ্গিটাতেও অভিনবত্ব ছিল ...

"তোমাদের ডোনেশনের ওপর আমার জীবিকা নির্ভর করে ... তাই, খেলা শেষে আমি একটা টুপি বাড়িয়ে দেব, টাকা নেয়ার জন্য ... তোমরা যদি কিছু দিতে পারো দিও, আর না পারলে অন্ততঃ ঘুরে চলে যেওনা ... যাওয়ার আগে আমার সাথে হাতটা মিলিয়ে থ্যাঙ্কিউ বলে যেও"

হাসিমুখের শার্ট-প্যান্ট আর বেগুনী জুতো পরা মানুষটাকে ভাল না লাগার কোন উপায়ই ছিল না ...

ভাল লাগল ফ্লোরিয়াড আর ফ্লোরিয়াডে আসা মানুষগুলির স্প্রিংকে আমন্ত্রন জানানোর উচ্ছ্বাস ...

ফ্লোরিয়াডের ছবি

No comments: