Wednesday, October 15, 2014

এশিয়ার প্রাচীর টপকে - ১৪

ছেলের স্কুলে কিন্ডারগার্টেন ক্লাসে বাসায় বই পড়ার একটা প্রোগ্রাম আছে ।। বাসায় পড়ার জন্য ছবিওয়ালা, বড় বড় লেখার বই দেয়া হয় আর রিডিং রেকর্ড রাখার জন্য একটা ছকটানা কাগজ ।। একটা বই পড়া শেষ হলে, কাগজে বইয়ের নাম, তারিখ আর পড়ার পদ্ধতি (নিজে পড়েছে কিনা অথবা মা/বাবা পড়ে শুনিয়েছে কিনা) ফিল-আপ করে দিলে, নতুন একটা বই পাওয়া যায় ।।

আমাদের বাপ-ব্যাটার মোটামুটি রোজ রাতের রুটিন হয়ে গিয়েছিল,  ঘুমানোর আগে, স্কুলের দেয়া সেই বইটা পড়া ।। প্রথম দিকে আমিই পড়ে শোনাতাম ।। পরের দিকে, জোর করে একটা দু'টো লাইন করে ছেলেকে পড়ানোর চেষ্টা করতাম ।। এভাবে এক দুই করে উনিশটা বই দু'জন মিলে শেষ করেছি এখন পর্যন্ত ।।

আজকে ছিল বিশনাম্বার বইটা পড়ার পালা ।।

"জ্যাক নামে একটা ছেলের জন্মদিন ।। তার বাবা-মা তাকে একটা লাল গাড়ি উপহার দিয়েছে ।। উপহার পেয়ে জ্যাক তার বাবা-মা কে ধন্যবাদ জানিয়েছে ।। তারপর গাড়ি নিয়ে খেলতে বসেছে ।। তার ছোট ভাই বিলি পাশে বসে দেখছে ।। হঠাৎ বিলি গাড়িটা নিয়ে পাশের ঘরে দৌড় দিয়েছে ।। জ্যাক গাড়ি খুঁজে না পেয়ে রেগে মেগে বাবা-মাকে বলেছে ।। বাবা হাসতে হাসতে বলল, আমি তোমার গাড়ি দেখেছি ।। তারপর, বিলিকে সহ গাড়ি নিয়ে জ্যাকের কাছে বাবা এসেছে ।। বিলি বলছে, জ্যাকের গাড়ি গ্যারেজে - দেখ ।।"

ষোল পৃষ্ঠার গোটা গোটা সহজ ইংরেজীতে লেখা ছবি ওয়ালা বইটা নিজে নিজে পড়ে ফেলার পর, ছেলের হাসিটা ছিল বাঁধিয়ে রাখার মত - "বাবা আমি ভালো পেরেছি না ?"

No comments: