Sunday, October 26, 2014

এশিয়ার প্রাচীর টপকে - ১৬ (পয়েন্ট হাট পুকুরের কথা)

উইকএন্ডে ক্লেম হিলে খালা/খালুর বাসায় বেড়াতে গেলে, পয়েন্ট হাট পন্ডে ছেলেকে নিয়ে যাওয়াটা মোটামুটি রুটিন হয়ে গেছে ।। অস্ট্রেলিয়াতে সবগুলি পাড়াতেই (সাবার্বে) ছোট ছোট ছেলে মেয়েদের খেলার জন্য খোলা মাঠ, ওয়েল-ইক্যুইপড পার্কের অভাব নাই ।। তারপরেও, গর্ডন পাড়ার খেলার জায়গাটা আলাদাভাবে চোখে পড়ার মত ।। পয়েন্ট হাট পন্ড ডিস্ট্রিক্ট পার্কটা ছেলের চেয়ে আমাকেই বেশী টানে - অদ্ভুত নিসর্গ, বাচ্চাদের কোলাহল, বয়স্কদের অলস সময় কাটানো আর বুনো হাঁস আর মোরগ-জাতীয়-প্রাণীদের বিচরণ দেখার জন্য ।।

সাউথ ক্যানবেরার ন্যাড়া পাহাড়ের পটভূমিতে দাঁড়ানো একটা কৃত্রিম পুকুর (আকারের বিশালত্বের কারণে অবশ্য হ্রদ বললেও ভুল হবে না) পাড়ে সবুজ জমিনের ওপর বাচ্চাদের জন্য (বুড়োদেরও উঠতে মানা নাই) নানান রাইড, স্লিপার বসানো খেলার জায়গা এটা ।। গাড়ি পার্কিংয়ে রেখে ঢুকলে প্রথমেই সামনে পড়বে বার্বিকিউ করার জন্য শেডের নিচে বন্দোবস্ত।। ওপেন ।। যার যখন খুশী এসে মাংস পোড়াতে পারে ।। তারপর, ডাইনে বাঁয়ে বৃত্তাকার, অর্ধবৃত্তাকার জায়গায় বাচ্চাদের জন্য নানাধরণের রাইড ।। তবে সেরা জায়গাটা হচ্ছে, একটু দূরে পুকুরের ধারে দাঁড়ানো হেলানো টাওয়ার ।। প্রায় তেতলা উঁচু টাওয়ারের দোতলা থেকে ঝুলন্ত ব্রিজে চেপে একটু খানি রোমাঞ্চের আস্বাদও নেয়া যেতে পারে ।।



সন্ধ্যার আগে গেলে, লেকের পানিতে সূর্য ডোবা আর সূর্যের বিপরীতে দিগন্তের ক্যানভাসে পাহাড়ের ল্যান্ডস্কেপ দেখাটা বিশাল প্রাপ্তি ।। লেকের পাড়ে চোখে পড়বে, বসন্তকালীন পাখি, বুনো হাঁস আর মোরগ জাতীয় প্রাণীর নির্ভয়ে বিচরণ ।। সুদূর য়োডেন থেকে সময় কাটানোর তাগিদে চলে আসা কোন মধ্যবয়সী বঙ্গদেশী ভদ্রলোককেও চোখে পড়তে পারে, চার-পাঁচটা হুইল-বড়শী পানিতে ফেলে অলস সময় কাটাতে ।।

No comments: