Wednesday, November 5, 2014

ছোট (গল্পের মত) খানা

ক্যাফে সয়-ত্রি (ধানমন্ডি তিন নম্বর রোড)
বিফ তাওয়া মাসালা উইথ ওনলি ওয়ান পিস পরোটা অ্যান্ড ওয়ান গ্লাস অফ মিনারেল ওয়াটার
ধানমন্ডি তিন নাম্বার রোডের অন্ধকার পিচঢালা পথ দিয়ে হাঁটতে হাঁটতে যদি ভুল করে একবার ডাইনে(বামে) চোখ যায়, আর টিমটিমে মোমবাতির নিচে প্রায়-দেখা-যায়-না-এমন ফন্টে লেখা ক্যাফে সয়-ত্রি তে আপনার চোখ পড়ে আর ভুল করে ঢুকে পড়েন, তাহলে কনগ্র্যাচুলেশনস! আপনি ধরা খেয়ে গেছেন ...
ভেতরটা অত্যন্ত মনোমুগ্ধকর - এক টূকরো থাইল্যান্ড অথবা, বড় এক পিস থামেল (কাঠমান্ডু) মনে হতে পারে ... যদিও ওসব জায়গার মত, লাইভ মিউজিকের আতিশয্য পাবেন না ... কিন্তু, বাঁশ আর কাঠের অসাধারণ ডেকোরেশন আর নিচু কাঠের চেয়ার গুলি আপনাকে হাতছানি দিয়ে বলবে, "আয় বস" ...
বসলাম ...
পাটের দড়িতে বাঁধা ল্যামিনেটেড কাগজের খাদ্যতালিকা হাতে নিয়ে "সয়-ত্রি মেনু"তে চোখ বোলালাম ...
দামের দিক দিয়ে মাঝারি গোছের মেনু তাওয়া-বিফ-মাসালা অর্ডার দিলাম ...
খাওয়া আসল ...
চার টুকরো পরোটা স্তুপাকারে দাঁড়িয়ে জায়গা করে দিয়েছিল, ভুনা-ভুনা মাখোমাখো বিফকে ... আর কুচি কুচি করে কাটা সবুজ শসারা দল বেঁধে বসে ছিল, প্লেটের এক প্রান্তে ...
প্রথম টুকরার অর্ধেকটা ছিঁড়ে ভুনামাংসের মাখোমাখো ঝোলে ডুবিয়ে মুখে দিতেই আপনা আপনি চোখ বন্ধ হয়ে আসল ... আমেজে ... বন্ধ চোখেই আরো কয়েক টূকরা বিফ আর পরোটা মুখে পুরে দিলাম ... তারপর ? হঠাৎ চোখ মেলে দেখি, প্লেট খালি, পেটও খালি (মানে আধা ভরা আর কী! ) এক পিস পরোটায় কি ডিনার হয়ে রে পাগলা ?
শেষে মনের দুঃখে, পাশের চেয়ারে বসা পুত্রের কিডস মিল (লেমন চিকেন, ফ্রায়েডরাইস আর গ্রিলড পটেটো) এ হানা দিয়ে কয়েকটুকরা আলু দিয়ে পেটের দুঃখ খানিকটা মেটালাম ...
বটম লাইন :
খাওয়া দুর্দান্ত ভাল ... খালি ছোট গল্পের মত ঝট করে ফুরিয়ে গেল ... (পেট ভাল মত ভরার আগেই)

(আটই মার্চ, ২০১৪)

No comments: